নিজস্ব প্রতিবেদক:
ওয়ান স্টেপ ফর হেলথ্ এন্ড “ওয়ান স্টেপ ফর বেটার । এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’ (সিজন-১)।
নরসিংদী রানার্স কমিউনিটির (এনআরসি) আয়োজনে এই দৌড় উৎসবটি ঘিরে সারা দেশের দৌড় প্রেমী তরুণ ও তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তরুণদের মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতন জনগোষ্ঠি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই ম্যারাথনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর শুক্রবার ভোরে এই দৌড় প্রতিযোগিতা শুরু হবে। ইভেন্টটিতে ৪২ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার এবং বিভিন্ন বয়স ক্যাটাগরি থাকবে।
নরসিংদী রানার্স কমিউনিটি এডমিন আক্তারুজ্জামান আক্তার জানান, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে যে কেউ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনকৃত অংশগ্রহণকারীদের জন্য থাকবে টি-শার্ট, মেডেল ও রিফ্রেশমেন্টসহ আকর্ষণীয় উপহারের ব্যবস্থা ।
আয়োজক কমিটির এই প্রতিনিধি বলেন, “নরসিংদীতে দৌড় বা রানিং কালচার ছড়িয়ে দিতেই আমরা এই সিজন-১ এর আয়োজন করতে যাচ্ছি । আশা করছি, সারা দেশ ও দেশের বাইরে থেকেও অনেক শৌখিন দৌড়বিদ এখানে অংশগ্রহণ করবেন।”
ম্যারাথনটি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও রুট নির্ধারণের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তবে রেজিস্ট্রেশনের তারিখ ও বিস্তারিত তথ্যের জন্য আয়োজক সংগঠনের ফেসবুক পেজে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।
শিপ্র/শাহোরা/