নরসিংদী প্রতিনিধি
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। এটি কেবল ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের দিন নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের টানে এক হওয়ার মহামিলন মেলা। উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে নরসিংদীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়াম থেকে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শুভ যাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শোভাযাত্রায় নরসিংদী জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ তাদের সঙ্গে স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে শহরের বিভিন্ন স্তরের মানুষের মিলনমেলায় রূপ নেয় আয়োজনটি।
সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকাল সাড়ে ৯ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ করা হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক ও সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবীর নরসিংদীবাসী নববর্ষের শুভেচ্ছা জানান।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও বাঁধনহারার শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান কবিতা আবৃত্তি করেন।
এছাড়াও জেলার মনোহরদী, শিবপুর, রায়পুরা, বেলাব ও পলাশ উপজেলায় বর্ণিল আয়োজনে উৎসব মুখোর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
শিপ্র/শাহোরা/