রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৫৪ বিজিবির উদ্যোগে মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে বিজিবি। এ অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা শেষ ভরসা বলতে বিজিবির চিকিৎসা ক্যাম্পকেই বুঝে।
মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও বাঘাইহাট জোন শুক্রবার (২৩ জানুয়ারি) ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে দুর্গম সাজেক ইউনিয়নের মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম পাহাড়ি এলাকায় গিয়ে শিশু, নারী ও বৃদ্ধসহ শতাধিক অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্গম এলাকা হওয়াতে চিকিৎসা না পেয়ে আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি। বিজিবির এমন মহৎ উদ্দ্যোগ পাহাড়বাসী মনে রাখবে।
এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিপ্র/শাহোরা/