শিরোনাম প্রতিদিন ডেস্ক
জামালপুরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। এছাড়া সড়ক দুর্ঘটনায় গাজীপুর, নেত্রকোনা, বাগেরহাট ও পঞ্চগড়ে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
জামালপুর: শামছুল ইসলাম (৪৫) ও আনোয়ার হোসেন (৪০) গতকাল ভোরে শেরপুর ফেরিঘাটে সবজি কেনার জন্য পিকআপ নিয়ে জামালপুরে আসছিলেন। অন্যদিকে জামালপুর থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শামছুল ও আনোয়ার মারা যান। এ সময় পিকআপ ভ্যানের চালক ও পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীসহ ছয়জন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পিকআপ ভ্যানের চালক সুজা মিয়া (৩২) মারা যান।
সবজি ব্যবসায়ী শামছুল ইসলাম সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সোবহানের ছেলে। আনোয়ার হোসেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। ভ্যানচালক সুজা মিয়া জামালপুর পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার মুনু মিয়ার ছেলে।
গাজীপুর: জেলার কোনাবাড়ী এলাকায় বাসচাপায় সজীব মিয়া নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তিনি রাজশাহীর গুপাইল গ্রামের আয়নাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার আঞ্জুমান পাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট: রামপালে ড্রাম ট্রাকের ধাক্কায় নাজমুল হাসান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার টেংরামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অন্য আরোহী মো. কামাল। প্রথমে তাকে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় বাসচাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সরকারি খাদ্য গুদাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বকুল চন্দ্র সরকার উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ভুবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
পঞ্চগড়: দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় রাসেদুল ইসলাম হৃদয় (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। গতকাল সকালে দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজেরাডাঙ্গা নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিপ্র/শাহোরা/