শিরোনাম প্রতিদিন ডেস্ক
প্রাইমারীর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁওয়ে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) পৌর শহরের পুলিশ লাইন স্কুল, সদর উপজেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী সন্দেহজনক কয়েকজন পরীক্ষার্থীর শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ব্যাংকিং ক্রেডিট কার্ডের আকারে তৈরি একাধিক মোবাইল ডিভাইস। এ সময় তাদের আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন সোহানুর রহমান (২৮), মোছা. আরজিনা (৩০), মোছা. হাসনাহেনা (৩০), স্বামী আনিসুর রহমান, মো. আনোয়ার খালেদ (২৮), শ্রী টঙ্গনাথ বর্মন (৩২), মো. ওমর ফারুক (২৯), মোছা. রেজিনা খাতুন (২৯), আব্দুল্লাহ আল নোমান (২৭) ও আমিরুল ইসলাম (২৮)।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কচুবাড়ী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র থেকে ৯ জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, আইনগত প্রক্রিয়া শেষে শনিবার আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭।
শিপ্র/শাহোরা/