কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে কাভার্ডভ্যান। এ ঘটনায় প্রাইভেটকারটির চার যাত্রীর প্রাণহানীর ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের সদস্য।
শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যানের চাপায় আরেকটি সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী আহত হয়।
লাকসাম হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে
এ বিষয়ে এসআই আনিসুর রহমান বলেন, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তারা লাকসাম এলাকায় যাচ্ছিলেন। ইউটার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি একটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা চারজন নিহত হন এবং সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হন।
দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া প্রাইভেটকার থেকে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিপ্র/শাহোরা/আরস্ব/