শিরোনাম প্রতিদিন ডেস্ক
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় রব্বানীর ছেলে আপেল মিয়াসহ (৪৭) উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আপেল মিয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার অন্যত্র জন্য রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা আরও জানান, জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামটিতে প্রতিকূল যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ পৌঁছাতে পারেননি।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনজন নিহত হয়েছেন। ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’
শিপ্র/শাহোরা/