সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলঙ্গা থানাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুরকা জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের চিকিৎসা করাতে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন তার স্বজনরা। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী রিনি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৬) একটি বাসের সঙ্গে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-অ-০০-০৩৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হন।
এ ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক লাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোস্তাফিজও আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি রয়েছেন।