শিরোনাম প্রতিদিন ডেস্ক
নড়াইল সদরে কড়োলা ইউনিয়নের বাহিরগ্রামে (দক্ষিণ পাড়া) মাছের ঘেরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসকদের মৃত ঘোষণা করেন।
আদরের দুই শিশু সন্তানকে একসাথে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। মা বৃষ্টি বিলাপ করে কান্না করছেন আর কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই সন্তানদের জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। কোনো কিছুতেই মানতে নারাজ তার সন্তানরা আর বেঁচে নেই। বাড়িতে প্রতিবেশী ও স্বজনরা ভিড় করে আছেন। ছোট্ট দুই শিশুর এমন মৃত্যু শোকে ছোট বড় সকলের চোখে পানি। হৃদয়বিদারক এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকাতে।
শিশু দুটির নাম, তিন্নি (৪ বছর) ও আবুজাফর রেফায়েত তানহা (৩)। সদরের কড়োলা ইউনিয়নের বাহিরগ্রাম (দক্ষিণ পাড়া) গ্রামের নূর জালাল মোল্যার সন্তান তারা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাবা-মায়ের সাথে শিশু তিন্নি ও তানহা ছাগল নিয়ে পাশের জমিতে যান। সেখান থেকে মা বৃষ্টির সাথে বাড়িতে ফিরে আসে তারা। গৃহস্থালির কাজ করে সন্ধ্যায় দুই শিশুর খোঁজ করলে আর তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির আশপাশে খোঁজ করা হয়। তাদের বাবা খবর শুনে ছুটে আসেন। একপর্যায়ে তাদের মরদেহ বাড়ির পাশে ঘেরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান ভূঁইয়া সময় সংবাদকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা নীরিক্ষা করে দেখা গেছে শিশু তিন্নি ও তানহা হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাদের। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
শিশুদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শিপ্র/শাহোরা/