নরসিংদী প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বিএনপি প্রচলিত আইনে দেশ চালাবে। জামায়াতের ১০-দলীয় জোট নির্বাচিত হলে তারাও প্রচলতি আইনে দেশ চালাবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে ইসলামী নিয়ম ও আদর্শে দেশ চালাবে।’
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিএম অ্যাকাডেমি মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের নাগেশ্বরী উপজেলা শাখা এ জনসভার আয়োজন করে।
এ সময় কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল বারী রনির হাতে হাতপাখা তুলে দিয়ে চরমোনাই পীর ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে আমানত রেখে গেলাম। রনিকে হাতপাখায় ভোট নির্বাচিত করবেন।’
চরমোনাই পীর আরও বলেন, ‘ভোট হলো পবিত্র আমানত। পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায়। ১২ ফেব্রুয়ারি ভোট হবে, অনেক দলের প্রার্থীরা আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবেন। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে দেখা যায়, কে বেশি এলাকায় উন্নয়ন করবেন, কে আমাদের সঙ্গে সম্পর্ক করবেন, এসব বিবেচনা করা হয়। আর জাতীয় নির্বাচন হলো যিনি নির্বাচিত হবেন তিনি সংসদে গিয়ে আইন পাস করবেন। সেই আদর্শে দেশ চলবে। দেশ কোন আদর্শে চলবে, সেই ভোট দেওয়ার নামই জাতীয় নির্বাচন।’
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘জামায়াত নয়, বিএনপি নয়, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স একটাই, একমাত্র ইসলাম চায়–ইসলামী আন্দোলন বাংলাদেশ।’
জনসভায় সভাপতিত্ব করেন হারিসুল বারী রনি। এতে দলটির বিভিন্ন ইউনিটের নেতারাও বক্তব্য রাখেন।
শিপ্র/শাহোরা/