নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ব্যাতিক্রমধর্মী একটি গণ শুনানি অনুষ্ঠানে ইউনিয়নবাসীর নানা প্রশ্নের মুখোমুখি হলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি )উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ইউনিয়নবাসীরা সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নবাসীর সমস্যা ও অভিযোগের উত্তর দেন।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুর রহিম, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা ও শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
দুলালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে ইউনিয়ন পরিষদের সব সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে ইউনিয়নবাসীরা তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক মনোযোগ ও ধৈর্য্য সহকারে জনগনের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্ৰহনের আশ্বাস দেন।
অনুষ্ঠানে একজন ইউনিয়নবাসী অভিযোগ করেন, ‘আমি ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমানের কাছে আমার সমস্যা নিয়ে গেলে তিনি কোনো উদ্যোগ নেননি।’ তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ধরে জানান, পরিষদের ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন, কিন্তু সেই বিষয়ে এখনো কার্যকর তদন্ত হয়নি।
জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “বিষয়টি আমি জানি। যিনি তদন্তের দায়িত্বে ছিলেন, তিনি বদলি হয়েছেন। তাই নতুনভাবে তদন্তের জন্য অন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিচ্ছি। অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় অন্য এক ইউনিয়নবাসী স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাম্প্রতিক গরু চুরি, ছিনতাই ও রাহাজানির ঘটনা তুলে ধরেন। জেলা প্রশাসক তখন শিবপুর থানার ওসি কোহিনুর মিয়াকে উত্তর দেওয়ার আহ্বান জানান। ওসি উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর থাকার আশ্বাস দেন।
গণশুনানি শেষে স্থানীয়রা জানান, সরকারি প্রশাসনের কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় এনে সরাসরি প্রশ্নোত্তরের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা দুলালপুর ইউনিয়ন পরিষদের এ ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
শিপ্র/শাহোরা/