কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রেনটি চলে গেলেও অপর একটি ট্রেনকে ঘটনাস্থলে আটকে রাখে স্থানীয় জনতা।
শনিবার (২ আগস্ট) দুপুরে ঢাকা-কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক ঈদগাঁও মেহেরঘোনা এলাকার ছৈয়দ নুরের ছেলে হাবিবুর রহমান, যাত্রী কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার নাজির হোসেনের মেয়ে দুই বোন আসমাউল হোছনা ও রেনোয়ারা, আসমাউল হোছনা শিশুসন্তান ও একই এলাকার রেনু আকতার। অপরজনের পরিচয় মিলেনি।
আসমাউল ও রেনোয়ারার বাবা জাফর সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বাড়ি পার্শ্ববর্তী ইউপি ভারুয়াখালী সাবেক পাড়ায়।
রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার আইনিক রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া লেভেল ক্রসিং এলাকায় পৌঁছে। এসময় ভারুয়াখালীমুখি একটি যাত্রীবাহী অটোরিকশা লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় অটোরিকশাটি ট্রেনের সামনের অংশে আটকে গেলে অনেক দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রেন। এতে নিহতদের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
এদিকে এ ঘটনার পরপরই চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারমুখি সৈকত এক্সপ্রেস নামের ট্রেনটি বিক্ষুদ্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
আব্দুল মালেক মাসুম জানান, নিহতদের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কক্সবাজারের পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটকে রাখা ট্রেনটির সামনে উত্তেজিত জনতাকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
শিপ্র/শাহোরা/