শিরোনাম :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সুন্দরবনে ২২ জেলেকে অপহরণ; মুক্তিপণ দেওয়ার শর্তে ৫ জনকে ফেরত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

উপকূলীয় সুন্দরবনে আবারও জলদস্যুদের তৎপরতা বেড়েছে। গত দুই দিনে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে ২২ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। এদের মধ্যে পাঁচজনকে মারধরের পর মুক্তিপণ পাঠানোর শর্তে ছেড়ে দেওয়া হলেও বাকি ১৭ জন এখনো জিম্মি অবস্থায় রয়েছেন।

রোববার (৩ মে) সকাল থেকে সোমবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতে বেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকা থেকে অস্ত্রের মুখে জেলেদের তুলে নেওয়া হয়। অপহরণের জন্য স্থানীয়ভাবে পরিচিত জলদস্যু আলিম ও নানাভাই বাহিনীকে দায়ী করছেন ভুক্তভোগীদের স্বজনরা।

অপহৃত জেলেরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় সুন্দরবনসংলগ্ন হরিনগর, কদমতলা, মরাগাং, চুনকুড়ি ও মথুরাপুর এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহৃতদের মধ্যে রয়েছেন, মোমনি ফকির (৩০), মুর্শিদ আলম (৪০), ইসমাইল শেখ (২৮), আব্দুল করিম (৪৮), আব্দুস সামাদ (৪০), মনোহর সরকার (৩৪), আল মামুন (১৬), হুমায়ুন (২৬), মনিরুল (২৫), রবিউল (৩০), সঞ্জয় (৫২), আল আমিন (৩৭), শাহাজান (৫০), আবুল বাসার বাবু (৩৫), রেজাউল (৩৫), আব্দুস সালাম (৫৫) ও আবুল কালাম (৪০)।

এছাড়া মুক্তিপণের শর্তে ছাড়া পাওয়া পাঁচ জেলে হলেন, ধ্রুব সরকার (৩৮), হৃদয় মণ্ডল (৫৩), সবুর গাইন (৫০), সাইফুল ইসলাম (৩২) ও ইউনুস আলী (২৬)।

অপহৃতদের পরিবারের সদস্য ও মহাজনদের ভাষ্য, চার থেকে পাঁচ দিন আগে কদমতলা ও কৈখালী স্টেশন থেকে বৈধ পাশ (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান জেলেরা। পরে বিভিন্ন খালে ছড়িয়ে মাছ ধরার সময় দস্যুরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্বজন বলেন, এখনো পর্যন্ত জলদস্যুরা নির্দিষ্ট কোনো মুক্তিপণের অঙ্ক জানায়নি। তবে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলেই তারা যোগাযোগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অপহৃতদের নিরাপদে ফেরত পেতে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ফিরে আসা জেলেদের অভিযোগ, দস্যুরা লোকালয়ের কাছাকাছি এলাকা থেকেও জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। এতে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, জেলেদের অপহরণের বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। দ্রুত বড় পরিসরে অভিযান চালানো হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, এখনো কোনো ভুক্তভোগী পরিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাটি নতুন করে সুন্দরবন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত অভিযান ও টহল জোরদার না করলে জেলেদের জীবিকা ও নিরাপত্তা দুটিই হুমকির মুখে পড়বে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category