নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত দেড়শ হকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিটি করপোরেশন।
মঙ্গলবার (৫ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নাসিকের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মাজহার উদ্দিন খন্দকার।
জানা যায়, হকারদের হামলার পর অনেকটাই হতভম্ব অবস্থা নাসিক কর্মকর্তা ও কর্মচারীদের। হামলার পর নাসিক কর্মীদের কেউ কেউ ব্যক্তিগত কাজেও চাষাঢ়ার দিকে আসতে ভয় পাচ্ছেন। কারণ, মুখ চিনে রেখে হামলার হুমকি দিয়ে যাচ্ছে হকাররা।
গত সোমবার বিকেলে হামলা চালানো হয় নাসিকের উচ্ছেদ কর্মীদের ওপর। ঘটনার পর ২৪ ঘণ্টাতেও একজন অভিযুক্ত হকারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতে মামলা হলেও হকাররা এদিন সকাল থেকেই ফুটপাত দখলে রেখে নিজেদের মতো ব্যবসা করে যাচ্ছে। কোনো কিছুতেই পরোয়া করছেন না প্রশাসকের নির্দেশনার।

নাসিক সূত্রে জানা গেছে, উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত দেড়শ হকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিটি করপোরেশন। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন নাসিকের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মাজহার উদ্দিন খন্দকার।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ মে উচ্ছেদ অভিযান পরিচালনাকালে হকার নেতা শাহাজাহান, রনি, সাইফুল, আলাউদ্দিন, মনির, মানিক, আরিফ, রাকিব, সজল, হাকিম সহ ১০০/১৫০ অজ্ঞাত হকারদের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ইতোমধ্যে সেই হামলার ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই হামলায় নাসিকের উচ্ছেদ কর্মী শিপন, হাসান, হাবিব, হরি, ফাহাদ, জাহাঙ্গীর, রুহুল আমিন, ইউসুফ, রমজান ও নূর আলম গুরুতর আহত হয়। এ সময় তাদের মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ছিনিয়ে নিয়ে যায় হকাররা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলা করা হয়েছে। আইন তার নিজের গতিতে চলবে।
শিপ্র/শাহোরা/