নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আচমকা বজ্রসহ শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে তিনজন নিহত হয়েছেন। এ সময় অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ার উপক্রম হয় এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া এই বৃষ্টির কারণে জনজীবন লণ্ডভণ্ড হয়ে পড়ে। বিশেষ করে রাজধানীর বাংলামোটর, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় আকারের শিলাবৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে প্রথম দিনেই রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, আচমকা এই ঝড়ে ঠাকুরগাঁওয়ে এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একইভাবে, নেত্রকোণায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।
এ পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
শিপ্র/শাহোরা/