আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি প্রবাসী কর্মীসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (১২ মে) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি ও এক সিরীয় নাগরিক নিহত হন। নিহতরা ওই এলাকায় কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি।

একই দিনে জেবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় স্থানীয় আরও ২ বাসিন্দা নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ হাজার ৭৩০ জন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ওই যুদ্ধবিরতিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুলাহ’র বিষয়ে কোনো উল্লেখ ছিল না। দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির সংঘর্ষ ও গোলাগুলি চলছে।

শিপ্র/শাহোরা/