শিরোনাম প্রতিদিন ডেস্ক

তামিলনাড়ুর রাজনীতিতে গত কয়েকদিন ধরে চলা চরম অনিশ্চয়তার অবসান ঘটলো।

অবশেষে শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।

২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি পেশ করেন।

রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

রবিবার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে দ্য হিন্দু জানিয়েছে।

রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের কঠিন পরীক্ষা বিজয়ের এই অভাবনীয় জয়ে তার হাজারো ভক্ত উন্মাদনায় ভাসছেন। কেউ কেউ তার মুখের ছবি বুকে ট্যাটু করে উল্লাস করছেন।

কিন্তু জনগণের এই আবেগের উল্টোদিকে যে গাণিতিক ও বাস্তবতার কঠিন হিসাব, তা বিজয়ের কাছে একদমই নতুন। তিনি আগে কখনো সরকারি বা প্রশাসনিক পদে ছিলেন না। আর তামিলনাড়ুর মতো ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির একটি রাজ্য চালানো এমন সহজ কাজ নয়, যা করতে করতে শেখা যাবে।

শুধু তাই নয়, তার নতুন সরকার এমন একটি রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে যার ঘাড়ে বিপুল ঋণের বোঝা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দশ বছরে তামিলনাড়ুর ঋণ ২ দশমিক ৮ লাখ কোটি রুপি থেকে বেড়ে ১০ দশমিক ৬ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

শিপ্র/শাহোরা/