গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণের একমাস পর মো: রুহুল আমিন (৩৭) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বাড়ীর কাছ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত ১৭ জানুয়ারি স্কুলছাত্রী অপহরণের ঘটনাটি ঘটে। ঘটনার পরের দিন অপহৃত স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী স্কুল ছাত্রী (১৩) উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। অপরদিকে অপহরনকারী মো. রুহুল আমিন উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা জানান, গত মাসের ১৭ তারিখ সকালে গ্রেফতারকৃত আসামির সহযোগিতায় আমার স্কুল পড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নেয় আশিক নামের এক যুবক। যখন মেয়েকে জোরপূর্বক তুলে নেন মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই সিএনজি যোগে মেয়েকে নিয়ে পালিয়ে যায় তারা। এর পরপরই আমরা পিছনে ধাওয়া করি। কিন্তু চেষ্টা করেও তাদের আটকাতে পারিনি। অপহরণের পর থেকে মেয়ের সঙ্গে কোন যোগাযোগ হয়নি। সব যোগাযোগ বন্ধ করে দেয়। এর পরদিন থানায় গিয়ে মামলা দায়ের করি। পুলিশ ঘটনার পরপরই মেয়েকে উদ্ধার করে। কিন্তু অপহরণকারীরা পালিয়ে যায়।
রবিবার সকালে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারী রুহুল আমিনে অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করে। অপহরণকারীরা তার মেয়েকে অনেক শারীরিক নির্যাতন করেছে বলে অপহৃত স্কুলছাত্রীর বাবা জানায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, অপহরণের ঘটনায় স্কুল ছাত্রীর পিতা থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার (আজ) সকালে অপহরণকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
শিপ্র/শাহোরা/