রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির বরকল উপজেলায় প্রেমের সম্পর্ক পরিবার ও সমাজের স্বীকৃতি না পাওয়ায় এক প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার পথ বেছে নেয়।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহরের কেরেট কাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভাস কান্তি চাকমা (২৬) এবং বরকল উপজেলার বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমা (১৮) এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
ভূষণছড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম জানান, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ের জন্য দুই পরিবারের অভিভাবকদের আলোচনা চলছিল। তবে এর আগেই সুভাষ চাকমার আগের স্ত্রী বিষয়টি জানতে পারেন। তিনি এ বিয়েতে মত দিতে অস্বীকৃতি জানান। পরে মেয়ের পরিবার ছেলের আগের স্ত্রী থাকার বিষয়টি জানতে পেরে আর বিয়েতে রাজি হননি। এ ঘটনার পর সোমবার রাতেই মেয়ের বাড়ি থেকে প্রায় ৫০-৬০ গজ দূরে একটি গাছের সঙ্গে ওড়না ও রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে দুজন আত্মহত্যা করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে পরিবারের সদস্যরা আত্মহত্যার ঘটনাটি টের পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন।
রাঙ্গামাটির বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত আমরা এখনো জানতে পারিনি। তবে শুনেছি তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে ঘটনার কারণ এখনো বিস্তারিত জানা যায়নি।
শিপ্র/শাহোরা/