টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে বসে থাকার সময় ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ নারী পুরুষের মৃত্যু হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, দুইজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা না গেলেও পুলিশের প্রাথমিক ধারণা তারা সবাই একই পরিবারের সদস্য।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি তেল শেষ হয়ে যায়।
এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা যাত্রীরা ট্রেনের নিচে কাটা পড়েন।
এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনাকবলিত বাসের পরিচয় বা যাত্রীদের গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিপ্র/শাহোরা/তাইতা/