
নিজস্ব প্রতিবেদক
এশিয়া ফার্মা এক্সপো-২০২৬ এর ১৭ তম আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল উৎপাদন বিষয়ক প্রদর্শনীর উদ্বোধনী করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাজধানী ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (BCFEC) তাদের এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি।
দেশ-বিদেশের ওষুধ শিল্পের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে ফার্মাসিউটিক্যাল খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনার কথা উঠে আসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামিম হায়দার এবং ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ওষুধ শিল্প বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যাল উৎপাদনে আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে দেশি-বিদেশি কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ওষুধ শিল্প বিশ্ব বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল উৎপাদন যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকেজিং প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত নতুন প্রযুক্তি ও সেবাসমূহ প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশ-বিদেশের বহু প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যার ফলে ফার্মাসিউটিক্যাল খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
শিপ্র/শাহোরা/