কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রবিবার (২৫ জানুয়ারি) মনোনয়নপত্রের বৈধতা চেয়ে রিট আবেদন করেন।
তার এই রিটের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। এদিকে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া। হলফনামায় তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।
গত কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে বিএনপির বিদ্রোহী কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন। বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার রিটের শুনানি সোমবার। এতে গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হতে পারেন মোবাশ্বের আলম ভূঁইয়া
আদালতের এই আদেশের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
শিপ্র/শাহোরা/