রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মাদকসেবনে বাধা দেওয়ায় এবিসি ইটভাটার ম্যানেজার ফরহাদ মিয়া (৩০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে ২০ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। আহত ফরহাদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দি এলাকায় এবিসি ইটভাটায এ ঘটনা ঘটে।
আহত ফরহাদ মিয়া বীরকান্দি এলাকার আমান উল্লাহ আমানের ছেলে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন বখাটে যুবক ইটভাটায় গিয়ে শ্রমিকদের ঘরে প্রবেশ করে মাদক সেবন করত। সোমবার রাতে মাদক সেবন করতে এলে ভাটা কর্তৃপক্ষ তাদেরকে বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে আল আমিন, সানী মিয়া, তায়েব আলীসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে ম্যানেজার ফরহাদের ওপর হামলা চালায়। এসময় তারা ম্যানেজার ফরহাদকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার সঙ্গে থাকা ২০ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদীতে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভেকু চালক রায়হান বলেন, সোমবার রাতে মাদকসেবীদের সঙ্গে ঝগড়া হয়। এর জেরেই আজকে ম্যানেজারকে কুপিয়ে তার কাছে থাকা টাকা নিয়ে গেছে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিপ্র/শাহোরা/মোশ/