নরসিংদী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। বিএনপি যেহেতু সরকারের দায়িত্ব নিয়েছে, সে কারণেরেই দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর এই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে সর্ব প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। আর এর নেতৃত্ব ও দিক-নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিক-নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে গণতান্তিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আর এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে বিগত ১৭ বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাক্স্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী,র সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা ।
শিপ্র/শাহোরা/