গাজীপুর প্রতিনিধি
গাজীপুর-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির মনোনয়নবঞ্চিত ইসরাক সিদ্দিকী দাবি করেন, আসনের মনোনয়ন ঘিরে এলাকায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে রবিবার বিকেলে বিক্ষোভের পরিকল্পনা করা হয়। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এসময় বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের ভাগ্নে হারুন অর রশিদ বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাখালিয়া চালা এলাকায় ইসরাক সিদ্দিকীর অনুসারী নজরুল ও তার ভাই পারভেজের নেতৃত্বে নেতা-কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মেয়রের অনুসারী দুইজন গুরুতর আহত হন। এ সময় বিভিন্ন দামী ব্র্যান্ডের ১২টি মোটরসাইকেলে আগুন ধরা হয়।’
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের ভিডিও ছড়িয়ে পড়েছে।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয়া হয়। এ আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
শিপ্র/শাহোরা/আসা/